সোমবার, মে ৪, ২০২৬

নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা শহরের শৈলকুপা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে শুক্রবার রাত ৯ টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে বের হয়ে ব্রিজের উপর আসলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন মোটরসাইকেলে এসে হামলা করে।
এতে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। অন্যরা জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক পঠিত