বাজার মনিটরিং জরুরি রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া!

চিটাগং ট্রিবিউন ডেস্ক\
রমজানের প্রথম দিন থেকে সেঞ্চুরির পথে হাঁটতে শুরু করছে শসা। প্রতি কেজি ৯০ টাকা, ৬০ টাকার কমে কোথাও এক হালি লেবু পাওয়া যাচ্ছে না।ইফতারের অন্যতম অনুষঙ্গ শসা, লেবু,কাঁচা মরিচ রমজান মাসে এলে বাড়তি দামে বিক্রি হয়,এবারও তার ব্যতিক্রম হয়নি।
বৃহস্পতিবার সরজমিনে শহরে বড়বাজারের কাঁচাবাজার ঘুরে দ্রব্যমূল্যের এমন চিত্র পাওয়া যায়।
লেবু ও শসার দাম বাড়ার কারণ জানতে চাইলে কাঁচাবাজারের বিক্রেতা শাহআলম টিটিএনকে বলেন, রোজা এলে এই দুই জিনিসের চাহিদা বাড়ে কয়েক গুণ। বাজারে সরবরাহ কম থাকে। এ জন্য দাম বেড়েছে। তিনি বলেন বর্তমানে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শসা ও ক্ষিরা,আকারভেদে লেবু বিক্রি হচ্ছে প্রতিপিচ ১৫- ২০ টাকা,কেজি ১১০ টাকা কাঁচা মরিচ,৬০ টাকা টমেটো, ১০০ টাকা পুদিনা পাতা ও ৮০ টাকা ধনে পাতা।
তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তাঁদের দাবি, প্রতি বছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়ান। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা বেশি চাপে পড়ে যায়।
ক্রেতা মোহাম্মদ আব্দুল গনি বলেন, “প্রতিদিনের বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে। আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়েই চলেছে। রমজান এলেই এমন পরিস্থিতি তৈরি হয়।”
রমজান মাস জুড়ে পণ্যের দাম স্বাভাবিক রাখতে নতুন সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা। তাদের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না।