
চিটাগং ট্রিবিউন ডেস্ক
নরওয়ের বিপক্ষে ম্যাচের মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করেছেন উসমান দেম্বেলে। প্রথমার্ধে ফ্রান্সের তিনটি গোলই করেছেন এই পিএসজি তারকা। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ডেম্বেলের এমন ইতিহাস গড়া হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স।
চলমান বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিড।
ম্যাচের শুরু থেকেই নরওয়েকে চেপে ধরে ফ্রান্স। ম্যাচের ২৫ সেকেন্ডের মধ্যে বল বারে মারেন কিলিয়ান এমবাপ্পে। একটু পর ফ্রান্সের আরও একটি আক্রমণ ঠেকাতে হয় নরওয়েকে।
ম্যাচে লিড নিতে ৭ মিনিট অপেক্ষা করতে হয় ফ্রান্সকে। এমবাপ্পের পাস থেকে ডি বক্সের ভেতর থেকে দারুণ এক শটে বল জালে জড়ান ডেম্বেলে।
এরপর ম্যাচের ২০ মিনিটে আবারও গোল করে দলের ব্যবধান বাড়ান ডেম্বেলে। এই গোলেও অ্যাসিস্ট করেন এমবাপ্পে। তবে ২১ মিনিটেই এক গোল শোধ করেছে নরওয়ে। গোলটি করেছেন অসগার্ড।
ম্যাচের ৩২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডেম্বেলে। ডি বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।