
চিটাগং ট্রিবিউন ডেস্ক
‘উধাও’ হওয়া ‘তাজু ভাই ২.০’ পেজটি ফিরে পেয়েছেন ‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাইজুল ইসলাম। সোমবার (৬ এপ্রিল) সকালে উদ্ধার হওয়া পেজ থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ফেসবুকে তাইজুল ইসলাম একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি।’
তাজু বলেন, গতকাল থেকে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। পরে ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজটি ফিরিয়ে দিয়েছে। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরতে পারি। আপনারা যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আশা করি আগের মতোই পাশে থাকবেন।
এর আগে গতকাল রোববার দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।
