রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া।
তিনি জানান, চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০ নম্বরের একটি যাত্রীবাহী প্রাইভেটকার টেকনাফ শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। টেকনাফ কচুবনিয়া এলাকার (মালিক) গাড়ির চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি পুড়ে গেছে।

সর্বাধিক পঠিত