যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে অস্ত্র দিচ্ছে চীন

চিটাগং ট্রিবিউন ডেস্ক
মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে শুক্রবার রাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বেইজিং এসব সরঞ্জাম তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে এর প্রকৃত উৎস গোপন রাখা যায়।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সিএনএন আরও জানিয়েছে, চীন কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে, যদিও তারা কোনো নির্দিষ্ট সূত্রের নাম প্রকাশ করেনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে, যেখানে ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর উপায় খোঁজা হবে।