যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

চিটাগং ট্রিবিউন ডেস্ক
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ বন্ধের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর রয়টার্সের।
বুধবার (৬ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তেহরান শিগগিরই এ বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক জবাব জানাবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান একটি চুক্তি করতে আগ্রহী। গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
এদিকে, রয়টার্সের বরাতে জানা যায়, পাকিস্তানি মধ্যস্থতায় দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে, যা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারে। এর আগে সূত্রের বরাতে একই তথ্য দেয় মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এক পাতার ওই সমঝোতা স্মারকে থাকা ১৪ দফার কিছু অংশও প্রকাশ করে তারা।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের অবসান নিয়ে ট্রাম্প একাধিকবার আশাবাদ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই দেশের মধ্যে এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি ইস্যুতে মতবিরোধ রয়েছে।