শুক্রবার, মে ৮, ২০২৬

রহস্যময় আলোকচ্ছটাঃ ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলোর ঝলক ছিল কক্সবাজারের আকাশে!

সাইদুর রহমান শিমুল, বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে শুক্রবার সন্ধ্যায় দেখা গেছে রহস্যময় আলোর একটি দীর্ঘ রেখা, যা ঘিরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের। অনেকেই ঘটনাটিকে ক্ষেপণাস্ত্র কিংবা অস্বাভাবিক কোনো মহাকাশীয় ঘটনার সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবনী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় অবস্থানরত লোকজন হঠাৎ আকাশে উজ্জ্বল লালচে আলোর একটি সরু রেখা দেখতে পান। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এ দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পর্যটকদের কেউ কেউ এটিকে উল্কাপাত, আবার কেউ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আলোর রেখা বলে ধারণা করেন।
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আকাশে দেখা যাওয়া আলোর ঘটনাটি আবহাওয়াজনিত কোনো বিষয় নয়।
এদিকে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রতি বঙ্গোপসাগর এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় সতর্কতামূলক বিধিনিষেধ জারি করেছে ভারত।
তবে কক্সবাজারের আকাশে দেখা যাওয়া আলোর ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে কক্সবাজারের আকাশে দেখা মিলা আলোকচ্ছটার ঘটনাটি এখনো রহস্যাবৃত থেকে গেলো।

সর্বাধিক পঠিত