
চিটাগং ট্রিবিউন ডেস্ক
রুটি-মাংস রান্না করে অপেক্ষা করছিলেন নানি হেলেনা খাতুন। নাতি মাহির শাহরিয়ার (২১) ঘুম থেকে উঠে বাইরে ঘুরতে গেছে, ফিরে এসে খাবার খাবে, এমনটাই ছিল আশা। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হয়নি। দুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাহির।
নানি কান্নাজড়িত কণ্ঠে আহাজারি করতে করতে বলেন, আমার নাতি ঘুম থাইক্যা উঠে বাইরে বের অইছে। আমি নাতির লাগি রুটি-মাংস রান্না কইরা রাখছি। বাইরে থেকে আইয়্যা খাইবো, ও মাহির এহন তোর রুটি মাংস কেলা (কে) খাইবো? বলেই আহাজারি করতে করতে মূর্ছা যাচ্ছেন নানি হেলেনা খাতুন। মা মুক্তা আক্তার বার বার অচেতন হয়ে যাচ্ছেন একমাত্র ছেলেকে হারিয়ে। মাহিরের বাবা আব্দুল কাইয়ুম রেণু ও বোন লাইভা পাগল প্রায়। বলছিলাম মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মাহির শাহরিয়ারের (২১) কথা।
শনিবার (৩০ মে) আনুমানিক দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মাহির।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শেখ তোফায়েল আহমেদ রিয়াদ জানান, তিনি ঈশ্বরগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে মাহিরের মোটরসাইকেল তাকে ওভারটেক করে সামনে চলে যায়। এরপরই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আমি ঈশ্বরগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ মাহিরের মোটরসাইকেল আমাকে ওভারটেক করে বিশ গজ দূরে যেতেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এসময় মাহির মোটরসাইকেলসহ ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা জীবনের প্রথম দেখেছি। আল্লাহ মাহিরকে জান্নাতবাসী করুন।
পরিবারের তথ্য অনুযায়ী, মাহির ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার কালীবাড়ি রোডে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায়। বাবা আব্দুল কাইয়ূম রেণু ঈশ্বরগঞ্জ পৌর বাজারে মুদি দোকান পরিচালনা করেন।
সকালে ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন মাহির। কিছু সময় পরই তার মৃত্যুর খবর পৌঁছায় পরিবারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।