রামুতে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎ ‘পৃষ্ঠ হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
কক্সবাজারের রামু উপজেলায় গৃহপালিত গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শফি আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত হয়েছেন তার গরুটিও।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ জুন) বেলা ৩টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া গ্রামে। নিহত শফি আলম ওই গ্রামের মৃত নজরুল ইসলাম ওরফে নজুর পুত্র।
প্রত্যক্ষদর্শী মো. আব্দুল্লাহ জানান, কাহাতিয়া পাড়া জামে মসজিদের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে গরুটি বাঁধা ছিল। খুঁটির নিচে জমে থাকা পানিতে গরুটির রশি বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গেলে গরুটি বিদ্যুৎপৃষ্ঠ হয়। এ সময় গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে শফি আলম নিজেও বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পরে স্থানীয়রা ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং শফি আলমের নিথর দেহ উদ্ধার করেন।
রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক মাসুম স্থানীয়দের বরাতে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গরুকে রক্ষা করতে গিয়ে একজন মানুষের জীবন চলে গেল।”
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি।
ঘটনাটিকে ঘিরে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।