শুক্রবার, মে ৮, ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আজ বৃহস্পতিবার রাত থেকেই লেবাননে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, দুই নেতা নিজ নিজ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে শুরু হবে।

তিনি আরও জানান, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ৩৪ বছর পর প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসে। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প আরও দাবি করেন, বিশ্বজুড়ে তিনি ইতোমধ্যে ৯টি যুদ্ধ সমাধানে ভূমিকা রেখেছেন এবং এটিকে তিনি তার ‘দশম’ সাফল্য হিসেবে দেখতে চান।
সূত্র: আল-জাজিরা

সর্বাধিক পঠিত