সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পষ্টে কলেজছাত্রের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত হান্নান ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে এবং আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চলমান ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় অংশ নিচ্ছিলেন হান্নান। বৃহস্পতিবার কোনো পরীক্ষা না থাকায় তিনি বাড়িতেই ছিলেন। সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সুপারি গাছ কাটতে গেলে অসাবধানতাবশত গাছটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের সংস্পর্শে আসে। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই ও স্থানীয় গণমাধ্যম কর্মি এমরান হোসেন জানান, পরীক্ষা উপলক্ষে কয়েকদিনের জন্য বাড়িতে এসেছিলেন হান্নান। বৃহস্পতিবার সকালে সুপারি গাছ কাটার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”
এদিকে একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।