
চিটাগং ট্রিবিউন ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যদি কোনওরকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি। সেইজন্য আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আগামীর নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক। সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে।
তিনি বলেন, একটি জিনিস ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে। কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে নির্দয় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
