শনিবার, মার্চ ২১, ২০২৬

জাদুকাটার পণতীর্থে স্নানযাত্রা শেষে বাড়ি ফেরা হলো না পুণ্যার্থীর

চিটাগং ট্রিবিউন ডেস্ক
জাদুকাটার পণতীর্থে বারুণী স্নানযাত্রা শেষে বাড়ি ফেরা হলো না অজয় দাশ (৫১) নামে এক পুণ্যার্থীর! মঙ্গলবার (১৭ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে শ্রী অদ্বৈত আচার্য্য প্রভুর পণতীর্থে স্নানযাত্রা শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত অজয় দাশ সুনামগঞ্জ জেলার সদর উপজেলার উজান সাফেলা গ্রামের প্রয়াত অধীর দাশের ছেলে। তিনি স্ত্রী ও ৩ মেয়ে, ১ ছেলে সন্তানের জনক।
তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাতে পুণ্যার্থীর মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার উজান সাফেলা গ্রামের প্রয়াত অজয় দাশের সহোদর সুভাষ দাশ যুগান্তরকে জানান, পরিবার ও গ্রামের অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে নিজ বাড়ি থেকে যাত্রা করে সোমবার সন্ধ্যায় শ্রী অদ্বৈত প্রভুর জন্মধামে পৌঁছেন। মঙ্গলবার জাদুকাটার পণতীর্থে নির্ধারিত সময়ের পূর্বে জাদুকাটার পণতীর্থে স্নানযাত্রা (গোসল) করেন অজয় দাশ।
এরপর উপজেলার গড়কাটি গ্রামের সামনে নির্মাণাধীন সেতুর উত্তরে নদীর তীরে বালুচরে সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে সেখানেই পড়ে যান তিনি।
স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাকে মেডিকেল টিমের কাছে নিয়ে গেলে দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সর্বাধিক পঠিত