মঙ্গলবার, মে ৫, ২০২৬

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

চিটাগং ট্রিবিউন ডেস্ক

সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল বিকেলে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা জানান তিনি।

বলেন, সংস্কার ইস্যুতে জাতিকে বিভ্রান্ত করে দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে কিছু দল। যারা দেশের মানুষের ভাল চায় না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সকালে বগুড়াতে অন্য এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চায় সরকার।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে তারেক রহমান। সোমবার দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে পড়ন্ত বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে
বিশাল সমাবেশে যোগ দেন তিনি।  আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে মঞ্চে পৌঁছলে লাখো মানুষের ভালবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের উন্নয়নে যখন সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে, তখন কয়েকটি দল সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়ে দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে।

তারেক রহমান অভিযোগ করেন, যারা দেশের ভাল চায় না তারা জাতিকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এর আগে সোমবার সকাল দশটায় সড়ক পথে ঢাকা থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বগুড়া পৌঁছলে হাজার হাজার মানুষ তাদের শুভেচ্ছা জানান।

ব্যস্ত কর্মসূচির শুরুতেই জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিচারবিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। ‘ন্যায় এবং আস্থার’ জায়গা হিসেবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে চায় তার সরকার ।
১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি করপোরেশন হিসেবে উন্নীত করে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে নিজ গ্রামে যান প্রধানমন্ত্রী। সেখানে শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। একইসঙ্গে বাগবাড়ি গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সর্বাধিক পঠিত