লামায় বসতভিটার কাগজ জাল করে ছোট ভাইয়ের নামে নেওয়ার অভিযোগ বড় বোনের

নজরুল ইসলাম লামা,বান্দরবানঃ
বান্দরবান জেলার লামা উপজেলার লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় প্রায় ৬০ বছরের বেশি সময় ধরে ভোগদখলে থাকা একটি বসতভিটা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, তারা পূর্বে যৌথ পরিবার হিসেবে একই বসতভিটায় বসবাস করতেন। পরবর্তীতে আলাদা হয়ে গেলেও সবাই নিজ নিজ অংশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন—সবার বড় বোন শহর বানু বেগম, ছোট ভাই মৃত নবি হোসেন এবং সর্বকনিষ্ঠ ভাই মো. শফি আলম। অভিযোগ রয়েছে, জীবিত অবস্থায় মৃত নবি হোসেন কৌশলে জমির কাগজপত্র নিজের নামে করে নেন।
বর্তমানে তার উত্তরাধিকারীরা ওই জমির একক মালিকানা দাবি করে অন্য দুই ভাই-বোনকে উচ্ছেদের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পাশাপাশি, ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং নিজেদের বসতঘর মেরামত করতেও বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।