আনোয়ারায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামে আনোয়ারায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার দেবের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (৩ মে) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত ২০২৪ সালে সরকার পতনের পর থেকে চেয়ারম্যান অসীম কুমার দেব নিজ বাড়িতে অবস্থান করছিলেন না। তার বাবা-মা মৃত্যুর পর থেকে ছোট ভাই চাকরির সুবাদে ঢাকায় বসবাস করে আসছেন। এতে দীর্ঘদিন ধরে বাড়িটি প্রায় অরক্ষিত অবস্থায় ছিল।
চেয়ারম্যানের নিকটাত্মীয় অভি চৌধুরী জানান, বাড়িতে কয়েকজন বয়স্ক মানুষ থাকতেন। সোমবার সকালে তারা ঘুম থেকে উঠে বাইরে বের হতে গেলে দেখতে পান, কে বা কারা তাদের দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে দিয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় শিকল খুলে বাইরে এসে তারা দেখতে পান, অসীম কুমার দেবের বাড়ির প্রধান দরজা খোলা এবং ঘরের ভেতরে সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
চোরেরা ঘরের বিভিন্ন আসবাবপত্র, পিতলের তৈজসপত্র, তালা-বাটি এমনকি উঠানের টিউবওয়েল পর্যন্ত খুলে নিয়ে যায়। তারা ঘরের স্টিলের আলমারি ভাঙার চেষ্টা করলেও সেটি সম্পূর্ণ ভাঙতে পারেনি বলে জানা গেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী মুঠোফোনে জানান, সাবেক চেয়ারম্যানের বাড়িতে চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।