মঙ্গলবার, মে ৫, ২০২৬

টেকনাফে পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপি’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক আসামি টেকনাফ উপজেলার জাদিমুড়া মুচনী ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
মঙ্গলবার (৫ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন, টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের ২৪ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টিটিপি সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়ার অভিযোগে তাকে আটক দেখানো হয়।
ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে ওই রোহিঙ্গা যুবকের টিটিপি-সমর্থিত কর্মকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সক্রিয় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যেখানে জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শেষে আসামিকে বিকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত