শনিবার, মে ৯, ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের হামলায় বাংলাদেশি নিহত

চিটাগং ট্রিবিউন ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়তে গিয়ে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জের তরুণ মো. রিয়াদ রশিদ (২৮)। গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে তার পরিবার ও স্থানীয় প্রশাসন।

নিহত রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে একটি কোম্পানির কাজে রাশিয়ায় গিয়েছিলেন রিয়াদ। তবে পরিবারের অগোচরেই গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে নিয়মিত সৈনিক হিসেবে যোগ দেন (ব্যাচ নম্বর ৭৩৫)। গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত ও হামলায় আহত বন্ধু লিমন দত্তের মাধ্যমে রিয়াদের মৃত্যুর খবর পায় পরিবার। লিমন জানান, ওই ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হয়েছেন।

ছেলের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি আক্ষেপ করে বলেন, সে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে আমি কখনোই তাকে যেতে দিতাম না। এখন আমি আমার ছেলের লাশেরও সন্ধান পাচ্ছি না।

জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং সরকারি কোনো সহায়তার সুযোগ থাকলে তা নিশ্চিতে কাজ করবেন তারা।
করিমগঞ্জ থানার ওসি মো. এমরানুল কবির জানান, পুলিশ রিয়াদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

সর্বাধিক পঠিত