রবিবার, মে ১৭, ২০২৬

আদালতের নির্দেশে দুই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা উপজেলার ৪নং গোয়ালনগর ইউনিয়ন-এর আলোচিত সংঘর্ষ ও তিন খুনের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার প্রধান দুই আসামিকে আদালতের নির্দেশে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রিমান্ডে নেওয়া দুইজন হলেন—গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক চৌধুরী এবং গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মিয়া।
সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, গোয়ালনগরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে শনিবার (১৬ মে) দুই আসামিকে নাসিরনগর থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে চেয়ারম্যান মো. আজহারুল হক চৌধুরীকে নাসিরনগর উপজেলা সদর থেকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। একই ঘটনায় দায়ের করা হত্যা মামলারও তিনি প্রধান আসামি।
অন্যদিকে, প্রতিপক্ষের দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি কাসেম মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকা থেকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডে এনে উভয় আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গোয়ালনগর ইউনিয়নের এ সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়ভাবে ও দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বাধিক পঠিত