বমু বিলছড়িতে গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত ( ৮ মাস ) নামের এক শিশুর মৃত্যু

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
কক্সবাজারে চকরিয়ার বমু বিলছড়িতে ‘লিচুর বিচি’ গলায় আটকে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটেছে।
মৃত্যু হওয়া ওয়াসেনাত ( ৮ মাস ) একই এলাকার আবু নোমান ওসমানীর মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দুপুরে স্থানীয় বাজার থেকে লিচু কিনে বাড়ীতে আনেন আবু নোমান ওসমানী। পরে বাড়ী পৌঁছে লিচুর খোসা ও বিচি ছাড়িয়ে ৮ মাসের মেয়েকে খাওয়ান। এক পর্যায়ে অলক্ষ্যে লিচুর পরিত্যক্ত বিচি শিশুর পাশে রেখে তিনি সেখান থেকে একটু দূরে কাজে যান। এই সময়ের মধ্যে শিশুটি লিচুর বিচি মুখে নিয়ে নেয়। এতে বিচি শিশুটির গলায় আটকে যায়। এরই মধ্যে বাবা সেখানে ফিরে দেখেন শিশুটি ছটফট করছে।
পরে শিশুটিকে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।