সোমবার, জুন ১, ২০২৬

‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিতের ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (১ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘উপস্থিত থাকব আমি রুমিন ফারহানা।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত প্রদর্শনী স্থগিত করা হয়। আয়োজকরা জানিয়েছেন, আপাতত প্রদর্শনীটি স্থগিত রাখা হয়েছে।

এরপর একই দিন শহরের কসবা উপজেলার তালতলা গ্রামে তরুণদের উদ্যোগে সিনেমাটির প্রদর্শনী করতে গেলে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশের বিভিন্ন শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা এ ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধের ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ১০টি সাংস্কৃতিক সংগঠন।

সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে গত ৩০ মে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু একটি মহল ধর্মীয় আবেগের ভুল ব্যাখ্যা তৈরি করে চলচ্চিত্রটি প্রদর্শনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালায়। এর পরিপ্রেক্ষিতে ভেন্যু কর্তৃপক্ষ পূর্বানুমতি প্রত্যাহার করায় প্রদর্শনীটি স্থগিত করা হয়।

একই দিন কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় তরুণরা চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নিলে স্থানীয় প্রশাসনের অযাচিত হস্তক্ষেপে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।

এই দুটি ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাংস্কৃতিক সংগঠনগুলোর কথায়, ব্রাহ্মণবাড়িয়া ওস্তাদ আলাউদ্দীন খাঁ, আল মাহমুদসহ অসংখ্য গুণীজনের স্মৃতিধন্য পুণ্যভূমি। বছরের পর বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সাংস্কৃতিক চর্চায় অনবদ্য অবদান রেখে আসছেন এ জেলার কৃতিসন্তানরা। সাংস্কৃতিক রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিতের ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।

তারা আরো উল্লেখ করেন, ‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩ অনুযায়ী প্রদর্শনের অনুমতিপ্রাপ্ত একটি চলচ্চিত্র। দেশ-বিদেশে এর প্রদর্শনী ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। একই সঙ্গে নির্মাতা তানিম নূর ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হওয়ায় নিজ জেলায় তার চলচ্চিত্র প্রদর্শনে বাধা সৃষ্টি হওয়াকে দুঃখজনক বলেও অভিহিত করেন তারা।

এ ছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র উপভোগ করার প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিদাতারা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চলচ্চিত্রের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও সমাজে এ ধরনের বিরূপ মনোভাব অনাকাঙ্ক্ষিত।

বিবৃতির শেষাংশে বলা হয়, আমরা সকলের মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো মহলবিশেষের অগণতান্ত্রিক আচরণ, অসহনশীলতা ও উগ্রতাকে আমরা তীব্র নিন্দা জানাই।
এদিন যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন ব্রাহ্মণবাড়িয়া অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর, উদীচী জেলা সংসদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, আবরণী, কবির কলম, চারণ, সোনালি সকাল এবং আজকের সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত