Friday, June 26, 2026

লক্ষ্মীপুরে সাবেক এমপি আনোয়ার সহ আ.লীগের ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনসহ আওয়ামী লীগের ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার (২২ জুন) উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের বাসিন্দা রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার নামীয় আসামিদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান বাবুসহ মোট ২৯ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া গত ১৬ জুন উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এসময় বাধা দিতে গেলে উপস্থিত ব্যক্তিদের মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে তাদের কাউকে পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত