মগনামায় পুত্রবধূকে উত্যক্তের প্রতিবাদ, শ্বশুরকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

পেকুয়া প্রতিনিধি,
কক্সবাজারের পেকুয়ায় পুত্রবধূকে উত্যক্তের প্রতিবাদ করায় ঢিল ছুঁড়ে বৃদ্ধ শ্বশুরকে ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত আবু তাহের (৬৫) একই এলাকার মৃত আবদু ছত্তরের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একই এলাকার নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ শিফাত নিহতের ছেলের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল।
ঘটনার রাতে শিফাতসহ কয়েকজন যুবক আবু তাহেরের বাড়ির সামনে এসে ঢিল ছুঁড়ে এবং অশালীন আচরণ করে। বিষয়টির প্রতিবাদ করতে বের হলে অভিযুক্তরা ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ঘটনাটি শোনার পর পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় রক্তাক্ত জখম অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেলেও তদন্তের পর প্রকৃত কারণ জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
মেহেদী হাসান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।