মঙ্গলবার, মে ৫, ২০২৬

আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি আবুধাবির

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় আগুন ধরে যায়। সোমবার (৪ মে) এই হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছে আমিরাত।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে ইরানি ড্রোন আঘাত হানলে সেখানে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত তিন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা দাবি জানায়, ইরান থেকে ছোড়া ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন তারা প্রতিহত করেছে।

অপরদিকে, ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক সামরিক সূত্র জানায়, তেল স্থাপনায় হামলার কোনো পূর্বপরিকল্পনা ছিল না এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক দুঃসাহসিকতার ফল হতে পারে।

গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এটি আমিরাতে প্রথম বড় ধরনের হামলা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালালে উত্তেজনা শুরু হয় এবং হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ে। যুদ্ধবিরতির মধ্যে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

অপরদিকে, প্রজেক্ট ফ্রিডম নামে এক অভিযানে যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা ইরানের ছয়টি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে এবং যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই নতুন করে হামলা ও পাল্টা পদক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।

সর্বাধিক পঠিত