কেন্দ্রীয় আ.লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেপ্তার

চিটাগং ট্রিবিউন ডেস্ক
লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লালমনিরহাট ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার বাসিন্দা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় দায়ের করা একটি হত্যা মামলা এবং লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনের একটি মামলা উল্লেখযোগ্য।
এছাড়াও ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।
২০২৪ সালের আগস্টের পর থেকে তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে জানায় ডিবি পুলিশ।