বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

কোরবানি পশুর সববর্জ্য ৭ ঘন্টায় অপসারণ করল কক্সবাজার পৌরসভা

সাইদুর রহমান শিমুলঃ
কক্সবাজার পৌরসভা কোরবানির পশুর বর্জ্য অপসারণে দেওয়া প্রতিশ্রুতি সফলভাবে বাস্তবায়ন করেছে।
নির্ধারিত ৮ ঘণ্টার আগেই মাত্র ৭ ঘণ্টার মধ্যে পৌর এলাকার অধিকাংশ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে শহরজুড়ে।
পৌরসভা সূত্র জানায়, কোরবানির দিন সকাল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রমে নামে পৌরসভার পরিচ্ছন্ন শাখা। প্রায় আড়াই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী, ড্রাইভার, সুপারভাইজার ও প্রয়োজনীয় যানবাহন নিয়ে পুরো পৌর এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
বর্জ্য অপসারণের জন্য ১ নম্বর ওয়ার্ডের প্রাকৃতিকভাবে সৃষ্ট গর্ত এলাকা, ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া ও উত্তর নুনিয়ারছড়া, ৩ নম্বর ওয়ার্ডের ডাব বাজার, ৪ নম্বর ওয়ার্ডের চেরাংঘর ও টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ভোকেশনাল ও বুড়ির ছড়া এলাকা, ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের আইবিপি মাঠ ও জেলের দোকান, ১১ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এবং ১২ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক মাঠে সাময়িক ট্রান্সফার স্টেশন নির্ধারণ করা হয়েছিল।
পাশাপাশি ময়লা অপসারণ শেষে ব্লিচিং পাউডার ছিটানো ও পানি দিয়ে সড়ক পরিষ্কারের কাজও করা হয়।
কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্ন শাখার পরিদর্শক কবির হোসেন বলেন, আমরা চেষ্টা করেছি নির্ধারিত সময়ের আগেই পুরো শহর পরিষ্কার করতে। নাগরিকদের সহযোগিতার কারণে ৮ ঘণ্টার পরিবর্তে ৭ ঘণ্টার মধ্যেই অধিকাংশ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কক্সবাজার গড়তে পৌরসভার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত