শনিবার, মার্চ ২১, ২০২৬

চট্টগ্রামে সামাজিক সংগঠন ‘বে অফ বেঙ্গল পিপলস নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি

‎বঙ্গোপসাগরীয় অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক অধিকার সুরক্ষা এবং আঞ্চলিক সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে “বে অফ বেঙ্গল পিপলস নেটওয়ার্ক” নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

‎গত ১৬ মার্চ সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‎প্রাকৃতিক সম্পদ, সামাজিক ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সুপরিচিত বাংলাদেশের চট্টগ্রাম তথা বঙ্গোপসাগরীয় অঞ্চল দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রাচীন সময় থেকে শুরু করে উপনিবেশবিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের বিভিন্ন গণআন্দোলনে এই অঞ্চলের মানুষের সক্রিয় ও নেতৃত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও এই অঞ্চলের মানুষের সাহসী অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

‎তবে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের কেন্দ্রীয় আলোচনা ও নীতিনির্ধারণে এই অঞ্চল তার অবদান ও সম্ভাবনার তুলনায় অনেক সময় অবহেলিত থেকে যায়। অর্থনীতি, অবকাঠামো, রাজনীতি ও উন্নয়নসংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই স্থানীয় জনগণের মতামত ছাড়াই কেন্দ্র থেকে নির্ধারিত হয়। অনেক ক্ষেত্রে ঢাকাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে আঞ্চলিক বাস্তবতা ও স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয় না।

‎এই বাস্তবতাকে সামনে রেখে বঙ্গোপসাগরীয় অঞ্চলের মানুষের স্বার্থ, অধিকার ও সম্ভাবনাকে তুলে ধরতে এবং একটি বৈষম্যহীন ও বিকেন্দ্রীকরণভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বে অফ বেঙ্গল পিপলস নেটওয়ার্ক তাদের কার্যক্রম শুরু করেছে।

‎কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি
‎সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের লক্ষ্যে একটি কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
‎মুখপাত্র:
‎চৌধুরী সিয়াম ইলাহী
‎সংগঠকবৃন্দ:
‎মোহাম্মদ সাইফুল ইসলাম
‎সৈয়দা রোকসানা আক্তার অপু
‎মাহমুদুর রহমান
‎জাহিদুল হক অনিক
‎ইসরাত জাহান
‎বিলকিস জাহান
‎মো. হাবিব বিন করিম
‎মুহাম্মদ ওমর ফারুক নয়ন
‎মঈনুদ্দিন আল নোমান বকশী
‎নূরে আবরার রাজিন (দপ্তর)

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সংস্কৃতিমনা, সমাজসচেতন এবং জনঅধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছাত্র, যুব, নারী, শ্রমিক, পেশাজীবী, আলেম ও প্রবীণ নাগরিকদের সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পর্ষদ ঘোষণা করা হবে।
‎এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপকমিটি, সেল, টাস্কফোর্স ও সমন্বয় কমিটি গঠন করা হবে এবং কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির সদস্যসংখ্যাও বৃদ্ধি করা হতে পারে।

সর্বাধিক পঠিত