সোমবার, মে ৪, ২০২৬

নাইক্ষ্যংছড়িতে দুইটি খালের পুনঃখনন উদ্বোধন

রামু প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক করতে শুরু হয়েছে খাল পুনঃখননের বড় উদ্যোগ। প্রায় ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরি।
সোমবার (৪ মে) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী মুহূর্তে সংসদ সদস্য নিজ হাতে মাটি কেটে প্রতীকিভাবে কাজের সূচনা করেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি সদর খাল এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খাল—এই দুইটি খাল মিলিয়ে প্রায় ৫ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। বছরের পর বছর ভরাট ও অবহেলায় খালগুলো প্রায় প্রবাহমানহীন হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা; যা জনজীবনে চরম ভোগান্তি তৈরি করছিল।
প্রাথমিকভাবে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে কয়েকশ শ্রমিকের মাধ্যমে কাজ শুরু হয়েছে। পরবর্তীতে দ্রুত কাজ সম্পন্ন করতে এক্সকাভেটরসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খালগুলো পুনরুদ্ধার হলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে। স্থানীয় কৃষকদের পাশাপাশি জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আর এই কর্মসূচী পুরো নাইক্ষ্যংছড়ির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বাধিক পঠিত