বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ফেসবুক প্রেমের টানে চাঁদপুরের তরুণী মানিকছড়িতে, বিবাহিত মারমা যুবকের সঙ্গে ধর্ম পরিবর্তন করে বিয়ে

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

খাগড়াছড়ি, ২২ এপ্রিল ২০২৬: সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের জেরে খাগড়াছড়ির মানিকছড়িতে এক ব্যতিক্রমধর্মী বিয়ের ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা ২৫ বছর বয়সী নুরু নাহার সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচিত হন মানিকছড়ি উপজেলার রাইঙ্গাপাড়া এলাকার বাসিন্দা লাবরে মার্মা ওরফে কালাম মার্মার সঙ্গে। দীর্ঘদিনের যোগাযোগের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল নুরু নাহার নিজ বাড়ি থেকে মানিকছড়িতে চলে আসেন। লাবরে মার্মা পেশায় মোটরসাইকেল চালক এবং তিনি ইতোমধ্যে বিবাহিত; তার দুই সন্তানও রয়েছে।

পরবর্তীতে, প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে নুরু নাহার আইনি প্রক্রিয়া অনুসরণ করে ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নতুন নাম রাখা হয় ‘মাসানো মার্মা’। এরপর বৌদ্ধ ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
নুরু নাহার গণমাধ্যমকে জানান, তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।

এদিকে, লাবরে মার্মার প্রথম স্ত্রীও বিষয়টি মেনে নিয়েছেন বলে জানা গেছে। প্রায় এক দশকের সংসার ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি পারিবারিক শান্তির স্বার্থে এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে স্থানীয়দের কাছে জানিয়েছেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত