মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রথম জয়: ধানের শীষ ৩৩ হাজারের বেশি ভোটে এম এ হান্নান বিজয়ী

নিহারেন্দু চক্রবর্তী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এম এ হান্নান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬৯ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন (ঘোড়া) পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ ভোট। ব্যবধান ৩৩ হাজার ৬৮৭ ভোট।
এই জয়ের মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে বিএনপির কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেন। এম এ হান্নান নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ফলাফল ঘোষণা করেন।
আসনে মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ৮২৭ জন। ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ১৮৬টি, যা প্রায় ৫৩ শতাংশ।
অন্য প্রার্থীদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ২৩ হাজার ২২৯ ভোট এবং কলার ছড়ি প্রতীকে ১৭ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।
ইউনিয়নভিত্তিক ফলাফলে বড় লিড
ইউনিয়নভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষের বড় জয়ের মূল ভিত্তি গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী ইউনিয়নে বিপুল ব্যবধানে এগিয়ে থাকার কারণে।
গোকর্ণ ইউনিয়ন: ধানের শীষ ১২ হাজার ৪১৯ ভোট, ঘোড়া ২ হাজার ৬১৫ ভোট (ব্যবধান ৯ হাজার ৮০৪)।
চাতলপাড় ইউনিয়ন: ধানের শীষ ১১ হাজার ৪০৯ ভোট, ঘোড়া ৩ হাজার ১৪৭ ভোট (ব্যবধান ৮ হাজার ২৬২)।
এ ছাড়া ভলাকুট (ব্যবধান ৩ হাজার ৫০২), নাসিরনগর সদর (৩ হাজার ৩৫৭), কুন্ডা (২ হাজার ২৭৩) এবং বুড়িশ্বর (২ হাজার ৪৫) ইউনিয়নেও ধানের শীষ উল্লেখযোগ্য লিডে ছিল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল ধনমন্ডল ইউনিয়ন (ব্যবধান মাত্র ৯০ ভোট) এবং হরিপুর ইউনিয়ন (৬৬৯ ভোট)। ফান্দাউক ইউনিয়নে ঘোড়া বড় লিড নিলেও (ব্যবধান ৩ হাজার ৭৬০ ভোট), অন্যান্য ইউনিয়নে পিছিয়ে থাকায় সামগ্রিক ফলাফলে তা প্রভাব ফেলেনি।
নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা। বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন অনেকে।

সর্বাধিক পঠিত