সোমবার, মে ১৮, ২০২৬

মাঝ আকাশে যাত্রীর অস্বাভাবিক আচরণ, জরুরি অবতরণ বিমানের

চিটাগং ট্রিবিউন ডেস্ক:
৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক যাত্রীর অস্বাভাবিক আচরণ ও বিশৃঙ্খলার ঘটনায় শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে উড়োজাহাজটি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলীয় বিমান সংস্থা কান্তাসের একটি ফ্লাইটে।

গত শুক্রবার মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী কিউএফ২১ ফ্লাইটটি প্রায় সাত ঘণ্টা উড়ার পর ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করে।

অভিযোগ অনুযায়ী, এক যাত্রী কেবিনের ভেতরে অশান্ত আচরণ শুরু করেন এবং একপর্যায়ে তিনি ‘বাইরে গিয়ে সিগারেট খাওয়ার’ দাবি তোলেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় দেন বলে জানায় কর্তৃপক্ষ।

কান্তাসের মুখপাত্র জানান, যাত্রী ও কেবিন ক্রুরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এবং ক্রুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যাত্রী ক্রুদের সঙ্গে তর্কে জড়ান এবং উড়োজাহাজের পেছনের দিকে যেতে বলা হলেও অশালীন ভাষায় প্রতিক্রিয়া দেন। এক পর্যায়ে তাকে করিডরে টলতে টলতে হাঁটতেও দেখা যায়।

পাপিতেতে জরুরি অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে বিমান থেকে নামিয়ে নেয়। পরে কান্তাস জানায়, ওই যাত্রী ভবিষ্যতে তাদের বা সহযোগী জেটস্টারের কোনো ফ্লাইটে আর ভ্রমণ করতে পারবেন না।

অল্প সময় বিরতির পর ফ্লাইটটি পুনরায় ডালাসের উদ্দেশে যাত্রা শুরু করে এবং পরদিন গন্তব্যে পৌঁছায়।

সর্বাধিক পঠিত