বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

লামায় প্রকাশ্য জুয়ার আসরে পুলিশের হানা, পালালো জুয়াড়িরা

লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অইঙ্গার বিল এলাকায় গড়ে ওঠা প্রকাশ্য তাসের জুয়ার আসরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে পুলিশ। সংবাদ প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গজালিয়া পুলিশ ফাঁড়ি এই অভিযান চালায়।
​জানা যায়, দীর্ঘদিন ধরে গজালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অইঙ্গার বিল এলাকায় একটি চক্র প্রকাশ্যে তাসের জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে এলাকার কিশোর ও যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি চরম উদ্বেগ প্রকাশ করছিলেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে।
​সংবাদ প্রকাশের পর পরই লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান কামালের নির্দেশে (২৭ মে) আনুমানিক দুপুর ২টার দিকে গজালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল আকস্মিক অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে গজালিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এএসআই কাজল হালদার স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, এলাকায় কোনো ধরনের তাস, জুয়া, মাদকসহ নানান অপকর্ম বরদাশত করা হবে না। এসব সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে তিনি কঠোর হুঁশিয়ারি দেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা এর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​এদিকে সংবাদ প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের এমন দ্রুত ও কঠোর অ্যাকশনকে সাধুবাদ জানিয়েছেন গজালিয়ার সর্বস্তরের জনগণ। স্থানীয় সচেতন মহল লামা থানার ওসি এবং গজালিয়া পুলিশ ফাঁড়ির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরবে এবং যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।”
​লামা থানা পুলিশ জানায়, এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও জুয়ার বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত