লামায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালিত

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
“আকর্ষণের মুখোশ উন্মোচন, নিকোটিন ও তামাকের আসক্তি মোকাবেলা” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে বিভিন্ন কৌশলে তামাকের প্রতি আকৃষ্ট করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। তামাকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।