বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সাগরে জেলেদের নিরাপদ কর্মজীবন গড়তে প্রশিক্ষণ, উপকরণ বিতরণ 

নিজস্ব প্রতিবেদকঃ
সমুদ্রে মাছ ধরার সময় ঝড়-ঝাপটা কিংবা অন্য যেকোনো বিপদে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কক্সবাজার শহরে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে
‘সমুদ্রে জেলেদের নিরাপদ কর্মজীবন’ প্রকল্পের আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর সহযোগিতায় এবং যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর ফিশিং সেফটি ( আইএফএস ) এর অর্থায়নে ‘ব্যক্তিগত ভাসমান যন্ত্র উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. সাজেদুল হক।
আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারিদের হাতে-কলমে ব্যক্তিগত ভাসমান যন্ত্র ব্যবহারের কৌশল, রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং সমুদ্রে দুর্ঘটনা মোকাবিলা শেখানো হয়। পাশাপাশি স্বল্প খরচে স্থানীয়ভাবে সংগ্রহযোগ্য উপকরণ দিয়ে কিভাবে কার্যকর জীবনরক্ষাকারি সরঞ্জাম তৈরী করা যায়- সে বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারিদের মাঝে লাইফ জ্যাকেটসহ জীবনরক্ষার বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়।
কর্মশালায় কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মৌসুমী আক্তার ও মোহাম্মদ শাকিল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নেকম এর ফিশারিজ ম্যানেজমেন্ট কর্মকর্তা শাহরিয়ার রহমান কারিগরি সহায়তা প্রদান করেন।
দুই দিনব্যাপী এ কর্মশালায় ১০৫ জন জেলে, মাঝি ও ট্রলার মালিক অংশ নেন।

সর্বাধিক পঠিত