ঈদগাঁও–ঈদগড় সড়কে ফের সক্রিয় ডাকাত সিন্ডিকেট : ১ রাতে ২ জন অপহৃত

আনাছুল হক, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে পুনরায় ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাত আনুমানিক রাত ১১টার দিকে ডাকাতির হটস্পট খ্যাত ঈদগাঁও হিমছড়ি ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতের মুখোমুখি হয়ে প্রাণে বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শী আবছার জানান, ওই সময় সড়কে চলাচলরত দুটি সিএনজি অটোরিকশা ও তিনটি টমটম ডাকাতির শিকার হয়। এ সময় ডাকাত দল দুইজনকে অপহরণ করে গভীর পাহাড়ের ভেতরে নিয়ে যায়। তবে আফছার নিজে অপহরণের শিকার হননি।
আবছার জানান, ডাকাতদের মুখোমুখি হওয়ার পর পরিস্থিতির সুযোগে তিনি কোনোমতে প্রাণে রক্ষা পান এবং দ্রুত সেখান থেকে সরে গিয়ে ভোমরিয়া ঘোনা এলাকায় পৌঁছান। পরে সেখানে একটি দোকানে আশ্রয় নিয়ে দোকানদারের সহায়তায় ঈদগাঁও থানায় খবর দেন।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিমছড়ি ঢালার পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তবে অভিযান চলাকালে ডাকাত চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁও–ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে রাতের বেলায় সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পাহাড়ি ভূপ্রকৃতি ও অপ্রতুল টহলের সুযোগে ডাকাতরা বারবার সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর ঈদগাঁও থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে এই সড়কে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়েছিল। ওই অভিযানের পর কিছুদিন ডাকাতির তৎপরতা বন্ধ থাকলেও সম্প্রতি আবারও সংঘবদ্ধ ডাকাত চক্র সক্রিয় হয়ে উঠেছে।