শনিবার, মে ৯, ২০২৬

উখিয়ায় মুয়াজ্জিনের স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা ও সহযোগীদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ায় মুয়াজ্জিনের স্ত্রীর ঘরে ঢুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবদলের স্থানীয় এক নেতাসহ সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় বুধবার ( ৬ মে ) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলা (সি.পি. মামলা নং- ৮৬/২৬)
দায়ের করা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার মৃত জাগির হোছনের ছেলে শাহাব উদ্দিন (৩২)। তিনি জালিয়াপালং ইউনিয়নের উত্তর শাখা যুবদলের যুগ্ন সাংগঠনিক সম্পাদক।
এছাড়া মামলার অপর আসামিরা হল- একই এলাকার আবদুর রশিদের ছেলে মো. আশিক (২৩) এবং নিদানিয়া গ্রামের আবুল বশরের ছেলে মো. জাহেদ (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী এবং স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ১ নং আসামী শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন। এর প্রতিবাদ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
এরই মধ্যে গত ৩ মে রাত আনুমানিক ৯টার দিকে শাহাব উদ্দিন ও তার সহযোগীরা কৌশলে ভুক্তভোগী নারীর ঘরের টিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পরে ওই নারীকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে এবং শ্লীলতাহানি করে বিবস্ত্র করার চেষ্টা চালায় দূর্বৃত্তরা। গৃহবধূ চিৎকার শুরু করলে আসামীরা তাকে মারধর করে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ৫ মে উখিয়া থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
পরদিন ৬ মে ভিকটিম আদালতে হাজির হয়ে জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ বিচারক অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করেন। আদালত কক্সবাজার ডিবি পুলিশকে (DB) ঘটনাটি তদন্ত করে ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডসহ দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একইসাথে তদন্তের প্রয়োজনে আসামিদের গ্রেপ্তারের নির্দেশও প্রদান করা হয়েছে।
এবিষয়ে জানতে অভিযুক্ত শাহাবুদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এব্যাপারে উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, মামলাটি নথিভূক্ত করে তদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দিতে পুলিশ কাজ করছে।
এদিকে রাজনৈতিক দলের একজন নেতার বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত