
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘর থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে এপিবিএন পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ সিরাজ আমীন।
আটকরা হল- উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের শামসু আলমের ছেলে মো. জাহিদ হোসেন ( ৩৮ ), লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সি-১৫ ব্লকের দিল মোহাম্মদের মেয়ে নুর সেহেরা (১৮) এবং একই ক্যাম্পের এ-৪ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।
সিরাজ আমীন বলেন, মঙ্গলবার ভেররাতে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকের জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মজুদ করা ইয়াবার চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন জড়ো হওয়ার খবর পায় পুলিশের এপিবিএন। পরে এপিবিএন এর একটি সন্দেহজনক বসত ঘরটিতে অভিযান চালায়। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন লোক কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটকদের দেহ তল্লাশী করে পাওয়া যায় ৪৩ হাজার ৬০০ টি ইয়াবা, ১ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ২৭ টি গুলি। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
