বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

চকরিয়ায় বন্যহাতি হত্যা; মাটিচাপা দিয়ে আলামত গোপনের অভিনব কৌশল

হেফাজত মুহাম্মদ দেলোয়ার, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় একটি বন্যহাতিকে হত্যা করে মরদেহ গুম করার এক অভিনব কৌশল অবলম্বনের ঘটনা উন্মোচিত হয়েছে।উপজেলার কাকারা ইউনিয়নের দুর্গম বনাঞ্চলে হাতিটিকে হত্যা করে মাটিচাপা দেওয়ার পর ঘটনাটি ধামাচাপা দিতে তার ওপর একটি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছিল।
বন বিভাগের টহলদলের সদস্যরা টহলের সময় পঁচা দুর্গন্ধের উৎসের সন্ধান করলে ধরা পড়ে যায় নিষ্ঠুর এই অভিনব কৌশল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বনবিভাগ,পুলিশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছে।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম নগর ও করিম্মা কাটার ঘোনা এলাকার বনের গভীরে আনুমানিক ১০ বছর বয়সী একটি হাতিকে হত্যা করা হয়। অপরাধীরা এতটাই চতুর ছিল যে,হাতিটিকে গর্তে পুঁতে রাখার পর কেউ যেন সন্দেহ না করে,সেজন্য ঠিক তার ওপরে একটি ছোট কাঁচা ঘর তৈরি করে দেয়। যেন বাইরে থেকে দেখলে মনে হয় সেখানে কেউ বসবাস করছে বা বন পাহারার ঘর।
গত কয়েকদিন ধরে ওই এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বনবিভাগের নলবিলা বনবিটের স্টাফরা নিয়মিত টহল দেওয়ার সময় দুর্গন্দের উৎস খুঁজতে গিয়ে ওই ঘরটির নিচে মরদেহের সন্ধান পান। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের উচ্চপর্যায়ের একটি দল সেখানে পৌঁছায়।
সরেজমিনে গিয়ে আলামত সংগ্রহে অংশ নেন-ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান, ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজু রহমান,চকরিয়া থানা ও ফাইতং ফাঁড়ি পুলিশ,নলবিলা ও ফাইতং বনবিটের কর্মকর্তারা।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ড.মোস্তাফিজুর রহমান মরদেহের ময়নাতদন্ত শেষ করেছেন। বন কর্মকর্তাদের প্রাথমিক ধারণা,হাতিটিকে হয় সরাসরি গুলি করে অথবা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ (ইলেক্ট্রিক শক) দিয়ে হত্যা করা হয়েছে। পচন বেশি হওয়ায় বিষয়টি নিশ্চিত হতে ল্যাব টেস্টের সহায়তা নেওয়া হবে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান বলেন,বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাতনামা বা চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান।

সর্বাধিক পঠিত