চন্দনাইশে ‘ফ্রি ফায়ার’ খেলা নিয়ে সংঘর্ষ: বসতঘরে হামলা-লুটপাট, আহত ৬

ওয়াহিদুল ইসলাম
জনপ্রিয় মোবাইল গেইম ‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে রণক্ষেত্রে পরিণত হলো চন্দনাইশের দোহাজারী। উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর চরপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জনৈক আবদুল আলমের ছেলে আমিনুল হকের সাথে প্রতিবেশী সোলাইমানের ছেলে আনিছের ফ্রি ফায়ার গেইম নিয়ে বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও অভিযুক্ত পক্ষ সালিশি বৈঠক অমান্য করে।
ভুক্তভোগী আবদুল আলমের দাবি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫-২০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। প্রতিবাদ করতে গেলে হামলাকারীরা এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে মোজাম্মেল হক, আনসার বেগম, সালাউদ্দিন, কামাল উদ্দিন ও আব্দুল মোনাফসহ মোট ৬ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা কেবল মারধরই করেনি, বরং বাদীর বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ত্রাস সৃষ্টি করে। এসময় ঘরের আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়।
এই ঘটনায় চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবদুল আলম। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন জানান, “গেইম খেলা নিয়ে বিরোধের জেরে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”