টেকনাফে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা প্রদান

টেকনাফ ( দক্ষিণ ) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে প্রতিভার আলো স্টুডেন্টস ফোরাম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) বিকাল ৩টায় উপজেলার নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে হাফেজ নুর মোহাম্মদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিভার আলো স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় এবং সভাপতি আবুল মনছুর ইমনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী, হ্নীলা আলফালাহ একাডেমির অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, কক্সবাজার দায়রা জজ আদালতের পিপি এডভোকেট সলিমুল মোস্তফা, আনোয়ারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, শিক্ষাবিদ মাস্টার আব্দুস সালাম, আবসার কামাল সোহাগ,আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক, জনাব জামাল হোসাইন বি এ, ডা. মোস্তফা কামাল পলাশ এবং এনামুল হক মঞ্জুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ইমরান হোছাইন, সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন, আবু বকর ও সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে এবং ৬ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হয়। পরে তাদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রকাশিত ফলাফলে স্কুল বিভাগের ৪র্থ শ্রেণির ট্যালেন্টপুলে আবদুল্লাহ মোহাম্মদ সজিব, তাওছিয়া রাফা ও আশফা নাঈমা রুবা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। মাদরাসা বিভাগের ৪র্থ শ্রেণির ট্যালেন্টপুলে আবদুল্লাহ আল, সুমাইয়া আবছার তানহা ও নুসরাত জাহান মিম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।
স্কুল বিভাগের ৪র্থ শ্রেণির সাধারণ গ্রেডে প্রথম স্থান অর্জন করে কানজর পাড়া মডেল একাডেমির এক শিক্ষার্থী। দ্বিতীয় স্থান লাভ করে তাজরিয়ান নুর, তৃতীয় স্থান অর্জন করে মাহিনুল ইসলাম। এছাড়া সপ্তদ্বীপ পাল, হালিমা আক্তার আরফিয়া, তাওসীফ হাসান, তাসকিন আহমেদ ও আফরান রহমানও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
মাদরাসা বিভাগের ৭ম শ্রেণির সাধারণ গ্রেডে আশরাফুল হোছাইন তামিম, সালমা আল মোবাশ্বেরা ও নুর বিবি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে স্কুল বিভাগের ৭ম শ্রেণির সাধারণ গ্রেডে সাদিয়া আক্তার, মাহফুজা আসমা নিঝুম, তাসনিমুল হাসান আবির, মোহাম্মদ কেফায়ত নুর তাহসিন ও তাজওয়ার আহমদ কৃতিত্বের স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে প্রতিভার আলো স্টুডেন্টস ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও মেধাভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।