টেকনাফে ৩০ কোটি টাকার মাদক, বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে ইটভাটার মাটির মাটির খুঁড়ে ৩০ কোটি টাকা মূল্যের মাদক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় মাদক ও অস্ত্র মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে নৌবাহিনীর সদর দপ্তরের গণমাধ্যম শাখার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক নুরুল কবির টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ভোরে টেকনাফে হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় ইটভাটা সংলগ্ন এলাকায় কতিপয় লোকজন মাদকের বড় একটি চালান লেনদেনের জন্য জড়ো হওয়ার খবর পায় নৌবাহিনী। পরে নৌবাহিনীর একটি দল সেখানে পৌঁছালে সন্দেহজনক ২/৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ১ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তির দেয়া তথ্য মতে, ইটভাটার মাটি খুঁড়ে পাওয়া যায় ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ইয়াবা, ম্যাগজিনসহ ২ টি বিদেশি পিস্তল ও ৪ টি গুলি। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।