
চিটাগং ট্রিবিউন ডেস্ক
বাংলাদেশ পুলিশে জনবল বাড়াতে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে ৫০০টি এএসপি (সহকারী পুলিশ সুপার) পদ, ৪ হাজার এসআই (নিরস্ত্র) এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বর্তমানে পুলিশ বাহিনীতে মোট পদের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি। এর মধ্যে পুলিশি পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি এবং নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি। এ ছাড়া ২ হাজার ৭৬২টি পদ রয়েছে আউটসোর্সিংয়ের আওতায়।
বাহিনীকে আরও গতিশীল করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্য়েই ২ হাজার ৭০৩টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার এএসআই (সহকারী উপপরিদর্শক) নিয়োগের পরিকল্পনাও সরকারের রয়েছে।
