ঈদগাঁও প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে লম্বাবিল তিতার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দু সালাম। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে নিজ এলাকায় কাজ করার সময় হঠাৎ একটি বন্য হাতি তাকে আক্রমণ করে।
হাতির প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বন্য হাতির উপদ্রবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে বন্য হাতির চলাচল বৃদ্ধি পেয়েছে; তবে এ পর্যন্ত কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়রা বন্য হাতির উপদ্রব রোধে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানির ঘটনা আর না ঘটে।