বান্দরবানে মাদক মামলায় পরোয়ানাভূক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া ছিদ্দিকী নগর এলাকার যুবলীগ নেতা হিসেবে পরিচিত হেলাল উদ্দিনকে মাদক মামলায় গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। তিনি আব্দুর রবের ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বান্দরবান সদর থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি দল পৌরসভার বনরূপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সদর থানা সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১২ এপ্রিল দায়ের হওয়া একটি মাদক মামলায় (মামলা নং-১০) গত ৫ মে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ পারভেজ বলেন, “হেলাল নামের মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এদিকে, বান্দরবান শহরের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক বেচাকেনা ও মাদকসেবীদের আনাগোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান পদক্ষেপ ছিল না।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হেলাল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তার আশপাশে গড়ে ওঠা একটি চক্রের মাধ্যমে শহরের তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ঘটছে। এর ফলে এলাকায় সামাজিক অবক্ষয়, চুরি ও কিশোর অপরাধের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার পর পৌরসভার উজানীপাড়া, বালাঘাটা, বনরূপা, কালাঘাটা ও আর্মিপাড়া এলাকায় সন্দেহজনক লোকজনের আনাগোনা বেড়ে যায় এবং প্রকাশ্যে মাদক সেবনের ঘটনাও ঘটে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সচেতন মহলের মতে, মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবানও জানিয়েছেন তারা।