বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঝোপে মিলল দেশিয় ২ টি বন্দুক

নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান ) প্রতিনিধি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতিরছড়া বড়ইতলী এলাকার লাইটের পোড়া নামক স্থান থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
ীবুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পাহাড়ি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) ফেরদৌস রনির নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কালাচানের রাস্তার পূর্ব পাশে পাহাড়ি ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি গাদা বন্দুক ও একটি ছোট আকৃতির দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাদা বন্দুকটির বাটসহ দৈর্ঘ্য প্রায় ৪৮ ইঞ্চি এবং অপর ছোট বন্দুকটির দৈর্ঘ্য প্রায় ২১ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ। অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি থানার এসআই ফেরদৌস রনি বলেন, “রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ি ঝোপঝাড় থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। কারা এগুলো সেখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি নং-৮৯৮, তারিখ ২০ মে ২০২৬ খ্রি. লিপিবদ্ধ করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সর্বাধিক পঠিত