বোয়ালখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে বোয়ালখালী ফায়ার স্টেশন প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
তিনি বলেন, আগুন, দুর্ঘটনা ও বিভিন্ন দুর্যোগে নিজের জীবনকে ঝুঁকির মুখে রেখে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অগ্নিযোদ্ধারা। তাঁদের পেশাদারিত্ব, মানবিকতা ও আত্মত্যাগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, দ্রুত সাড়া প্রদান এবং সম্মিলিত প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। নিরাপদ পরিবার, প্রতিষ্ঠান ও সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।