বোয়ালখালীতে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে শিক্ষককে মারধরের অভিযোগ

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে মো. গিয়াস উদ্দীন (২৯) নামের এক শিক্ষক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের নুরুল্লাহ মুন্সির হাট এলাকায় এঘটনা ঘটেছে।
মারধরের শিকার গিয়াস উদ্দিন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের মো. সেলিমের ছেলে। তিনি জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
তিনি জানান, কর্ণফুলী নদীর বালি উত্তোলনের প্রতিবাদে গত ২ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়েছিলাম। এর ভিডিও, ছবি এবং প্রত্রিকায় প্রকাশিত সংবাদের নিউজ কাটিং নিজের ফেসবুকে পোস্ট করেছিলাম।
শিক্ষক গিয়াস বলেন, এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় নুরুল আবছার রোকসার, রাশেদুল ইসলাম রাশেদ ও নজরুল ইসলাম মিলে একা পেয়ে আমাকে গালাগালি শুরু করে। এরপর গাছের সাথে বেঁধে এলোপাতাড়ি লাঠি দিয়ে মেরে আহত করেছে।
এঘটনায় আহত গিয়াস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।