বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষে ঢালাই মিক্সচার মেশিন গুছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আনোয়ার। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় আনোয়ার হোসেনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

সর্বাধিক পঠিত