সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

মিয়ানমারে গাঁজাসহ ১১ বাংলাদেশি আটক, দুটি নৌকা জব্দ

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
মিয়ানমারের রাখাইন উপকূলে গাঁজা পাচারের অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর কোস্ট গার্ড (এএ) সদস্যরা। এ সময় গাঁজাবাহী ২টি নৌকাও জব্দ করা হয়।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাখাইন রাজ্যের রাঠেডং টাউনশিপের ডনপাইক ও শিলখালির মধ্যবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হয়ে একটি নৌকা নোঙর করা অবস্থায় দেখতে পায় মিয়ানমার কোস্ট গার্ড। পরে তল্লাশি চালিয়ে ওই নৌকা থেকে ৬ জন পুরুষ ও ১ জন নারীসহ ৭ জন বাংলাদেশিকে আটক করা হয়।
নৌকাটি থেকে মোট ২৩টি প্যাকেটে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ৩ কেজি ওজনের ৩টি ব্যাগ, ২ কেজির ৩টি প্যাকেট এবং ১ কেজির ১৭টি প্যাকেট ছিল। এছাড়া ২ ব্যাগ জন্মনিয়ন্ত্রণ বড়ি, ৪টি মোবাইল ফোন ও ৫০০ টাকা জব্দ করা হয়।
একই দিন দুপুর ২টা ১৮ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারে আসা আরও ৪ জন বাংলাদেশিসহ আরেকটি নৌকাও জব্দ করে আরাকান আর্মির কোস্ট গার্ড সদস্যরা।
স্থানীয়দের ধারণা, জব্দকৃত নৌকাগুলো টেকনাফ উপকূলের হতে পারে। তবে সুনির্দিষ্ট কোন নৌকাঘাটের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আটকদের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে আটক ১১ বাংলাদেশি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা নৌকাগুলোসহ কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত